ঢাকার 'উত্তরা স্কয়ার শপিং কাম কমার্শিয়াল কমপ্লেক্সে' ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-মো. মনির আলম (৩২), মো. মজিবর রহমান (২০), মো. হৃদয় (১৯), মো. মঞ্জুরুল (৩২), মো. মহব্বত আলী (১৮), শাহ পরান (১৯), মো. শাকিল (১৯), মো. রশিদুল ইসলাম ওরফে আ. রশিদ (২৭), মো. সাজু (২৪), মো. লিটন (২৪) এবং জিহাদ (১৯)।প্রসিকিউশন বিভাগের এসআই মো. শামীম হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. সুমন মিয়া আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।আসামিদের পক্ষে দিলীপ কুমার সরকারসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থণা করেন।তারা আদালতে দাবি করেন, এখানে থাকা আসামিরা ঘটনার সাথে জড়িত ছিল এমন কোনো প্রমাণ নেই। আসামিদের মধ্যে কেউ রিকশওয়ালা, আবার কেউ দিনমজুর। এদের ঘটনাস্থলে আসা যাওয়ার কোনো প্রমাণ নেই। এ মামলায় আসামিদের রিমান্ড চাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। আসামিদের বিরুদ্ধে নির্দিষ্ট কি অভিযোগ তদন্ত কর্মকর্তা সেটা বলতে পারলেন না। কিছু উদ্ধার নেই। অপরাধ জামিনযোগ্য ধারা। তাদের জামিন প্রার্থণা করেন তারা। শুনানি নিয়ে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ডের আদেশ দেয়।