ঢাকার কণ্ঠ

আবারও সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন

কাজী সালাহউদ্দিন আবারও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি টানা পঞ্চমবারের মতো এই দায়িত্ব পেলেন।শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। সেই ধারাবাহিকতায় সাফ সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন।সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের জন্য প্রার্থীর সংখ্যা শূন্যপদের বেশি না হলে সংশ্লিষ্ট প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত বলে গণ্য হন।২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন। এবারের নির্বাচনের মাধ্যমে তিনি পঞ্চমবারের মতো এ পদে দায়িত্ব পালন করবেন।এর আগে সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সীদের নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। তবে গত বছর কলম্বোতে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সসীমা তুলে দেওয়া হয়। ফলে এবারও নির্বাচনে অংশ নিতে তার কোনো বাধা ছিল না।নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্বও বেড়েছে। বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন। এছাড়া শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি এবং মালদ্বীপের হুসাইন শাফিউ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

আবারও সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন