ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই জুতা ব্যবসায়ীর মৃত্যু, বাড়ির মালিকের গাফিলতির অভিযোগ

দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় একটি বাসার নিচতলার ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই জুতা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মোস্তফা আসিফ ও তানভীর। তারা দুজনই জুতার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং ওই এলাকায় তাদের একটি জুতা কারখানা ছিল। ব্যবসার সুবাদে তারা ওই বাসায় ব্যাচেলর হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।[TECHTARANGA-POST:6404]গত ২৩ জুলাই বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোলাম বাজার এলাকার সানোয়ার মিয়ার বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে গুরুতর দগ্ধ অবস্থায় আসিফ ও তানভীরকে স্থানীয়রা উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ২৮ জুলাই রাতে তারা দুজনই মারা যান।ঘটনার সত্যতা জানতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সানোয়ার মিয়ার বাড়ির নিচতলার ফ্ল্যাটের একটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বাড়ির ম্যানেজার শাহাবুদ্দিনের সহযোগিতায় কক্ষের ভেতরে প্রবেশ করলে দেখা যায়, বিস্ফোরণের আলামত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কক্ষের দেয়াল পুড়ে কালো হয়ে গেছে, আসবাবপত্র ছারখার হয়ে গেছে এবং থাই গ্লাস ভেঙে নিচে পড়ে আছে।[TECHTARANGA-POST:7805]স্থানীয়দের দাবি, কক্ষটির ভেতরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গভীর রাতে বিস্ফোরণ হওয়ায় প্রথমে অনেকেই বিষয়টি বুঝতে পারেননি। তবে বিস্ফোরণের পর পুরো ফ্ল্যাটটি ধ্বংসস্তূপে পরিণত হয়।বিস্ফোরণের বিষয়ে বাড়ির ম্যানেজার শাহাবুদ্দিন ও বাড়ির মালিক সানোয়ার ভূঁইয়া জানান, বিস্ফোরণের প্রকৃত কারণ তারা নিশ্চিতভাবে জানেন না। তবে ওই কক্ষে ব্যাচেলররা বসবাস করতেন বলে জানান তারা।অন্যদিকে নিহতদের পরিবারের অভিযোগ, ওই বাড়িতে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম ছিল। অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হতো বলে তাদের দাবি। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে এবং এ ঘটনায় বাড়ির মালিকের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেন তারা।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইটার বা দাহ্য কোনো বস্তু থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় নিহত দুইজনের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে।[TECHTARANGA-POST:6426]নিহত মোস্তফা আসিফ ভোলা জেলার গাজীপুর রোড এলাকার রফিকুল ইসলামের ছেলে। অপর নিহত তানভীর ভোলা জেলার রতনপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।এদিকে বিস্ফোরণের ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দুই পরিবারের স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

কেরানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই জুতা ব্যবসায়ীর মৃত্যু, বাড়ির মালিকের গাফিলতির অভিযোগ