ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে চীনা প্রকৌশলীর ওপর হামলা, আইফোন-টাকা লুট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি নির্মাণ প্রকল্পে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ দুর্বৃত্তরা প্রকল্পে ঢুকে এক চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম করে এবং মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাসসংলগ্ন একটি সুয়ারেজ লাইন নির্মাণ প্রকল্পে এ ঘটনা ঘটে। আহত চীনা নাগরিকের নাম ওয়েন জিনহুয়া (৫৫)। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘ইয়াং জি জিয়াং’ নামের ওই নির্মাণ প্রকল্পে রাতের দিকে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল প্রবেশ করে। প্রকল্পের এক কর্মচারী বাইরে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে পড়ে। পরে তারা দায়িত্বরত নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে এবং প্রকল্পের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়।এক পর্যায়ে হামলাকারীরা চীনা নাগরিক ওয়েন জিনহুয়ার কক্ষে ঢুকে লুটপাটের চেষ্টা করে। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তারা একটি হাতঘড়ি, দুটি আইফোন ও নগদ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় আহত ওয়েন জিনহুয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

কেরানীগঞ্জে চীনা প্রকৌশলীর ওপর হামলা, আইফোন-টাকা লুট