ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক এলাকায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিলমিল আবাসিক এলাকার একটি পরিত্যক্ত প্লটের জঙ্গলের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় দেখা যায়, নিহত নারীর শরীরের উপরের অংশে সাদা-সবুজ রঙের একটি মেক্সি পরা ছিল, তবে নিচের অংশ ছিল উলঙ্গ।এ বিষয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৬ দিন আগে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যায়। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে।তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।এদিকে, মরদেহটির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের যৌথ টিম কাজ শুরু করেছে।

কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক এলাকায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার