ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় অবৈধভাবে মটি কাটার অভিযোগে আরিফ আহম্মেদ (৪০) নামে এক ব্যক্তিকে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা ৩ টার দিকে অবৈধভাবে মটি কাটার সময় হাতেনাতে তাকে দক্ষিণ থানা পুলিশের সহায়তায় আটক করা হয়। এসময় আরিফ আহম্মেদ (৪০) মাটি কাটার কথা স্বেচ্ছায় স্বীকার করেন। জমির মালিকদের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কিছু জানাতে পারেননি। পরবর্তীতে তদন্ত করে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা গেছে। অভিযুক্ত আরিফ জানান, তিনি এখানে নতুন এসেছেন, কাদের সহায়তায় এসেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেন নি। তার দেওয়া মুঠোফোন নাম্বারে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। অপরাধ স্বীকার করলে তাকে ৫০ হাজারটাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কাজে তিনি সংযুক্ত হবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ এর নেতৃত্বে মোবাইল কোর্টটি পরিচালিত হয়। তিনি বলেন, দেশের পরিবেশ ঝুঁকির মধ্যে পড়ে এরকম কার্যক্রমের রিরুদ্ধে আমরা সদা সোচ্চার।উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. উমর ফারুক জানান, আমরা যে কোন অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহন করছি।