ঢাকার কণ্ঠ

পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের শীর্ষে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে স্বাগতিকদের ১৩ রানে হারিয়ে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সাদিয়া আক্তার ৩৩ বলে ৩৩ রান করেন। ফারজানা ইয়াসমিম মেধা ২২ বলে ২৮ এবং সাদিয়া ইসলাম ২১ বলে ২৪ রান করে দলের সংগ্রহ বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতে ভালো অবস্থানে ছিল। কোমাল খান ২৯ বলে ৩৬ এবং রাভাইল ফারহান সমান বলে ৩২ রান করেন। পরে বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে পাকিস্তানের রান তোলার গতি কমিয়ে দেন। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২১ রান। কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিংয়ের সামনে শেষ ছয় বলে মাত্র ৭ রান নিতে পারে তারা। ফলে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৬ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফারজানা ইয়াসমিম মেধা। ৪ ওভারে ২৫ রান দিয়ে তিনি ৩ উইকেট শিকার করেন। নিশিতা আক্তার নিশি ২৮ রান দিয়ে নেন ২ উইকেট, আর তিথি দাস অপর্ণা ৮ রান খরচায় একটি উইকেট পান। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে ৫ অক্টোবর শ্রীলঙ্কার কাছে শেষ বলে ৪ উইকেটে হেরে যায় তারা। এরপর এক দিন পরই পাকিস্তানকে হারিয়ে আবারও জয়ের পথে ফিরল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ মেয়েরা। 

পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের শীর্ষে বাংলাদেশ