ঢাকার কণ্ঠ

গণতন্ত্র দুর্বল হলে অধিকার সুরক্ষা কঠিন: রাষ্ট্রপতি

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (১৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা প্রয়োজন। কার্যকর ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা দেশের মানুষের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।গণতান্ত্রিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়লে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার সুরক্ষিত রাখা কঠিন হয়ে যায় বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য ন্যায়সংগত অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। সাক্ষাতে পূজা উদযাপন পরিষদের নেতারা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলকে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে অভিনন্দন জানান। পাশাপাশি জন্মাষ্টমী ও রথযাত্রাসহ সাম্প্রতিক বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে আয়োজনের ক্ষেত্রে সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তারা।পরিষদের নেতারা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও সমান অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন। তারা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপে রাষ্ট্রপতিকে যাওয়ার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন। রাষ্ট্রপতি বলেন, সাম্প্রদায়িক পরিচয়ের পরিবর্তে যোগ্যতা, ন্যায়সঙ্গত অধিকার ও সমতার ভিত্তিতে নাগরিকদের সুযোগ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। তিনি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। 

গণতন্ত্র দুর্বল হলে অধিকার সুরক্ষা কঠিন: রাষ্ট্রপতি