গাজীপুরের ডেগির চালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে ফকির মার্কেট এলাকার ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, কোনাবাড়ীর একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, খবর পাওয়ার এক মিনিটের মধ্যে অর্থাৎ দুপুর ২টা ৪৫ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। প্রায় পাঁচ কিলোমিটার দূরের ঘটনাস্থলে তারা বিকেল ৩টার দিকে পৌঁছায়।অগ্নিকাণ্ডের সময় ভবনে আটকে পড়া ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তবে আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।