লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ঘুষ লেনদেনসংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ বিপিডিবি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।ভাইরাল হওয়া ৮ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে নুরুল আমিনকে এক ব্যক্তির সঙ্গে বিভিন্ন কাজের বিল, প্রকল্পের মালামাল এবং অর্থ লেনদেন নিয়ে কথা বলতে শোনা যায়। ভিডিওতে একটি বিলের বিপরীতে তাকে দুই কোটি টাকা দেওয়ার কথা বলতেও শোনা যায়।ভিডিওতে সামনে থাকা এক ব্যক্তিকে উদ্দেশ করে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে। কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না।৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার নিচে নড়ব না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়।’এরপর তাকে বলতে শোনা যায়, ‘একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে।’ভিডিওর একপর্যায়ে একটি কাজের ব্যয় এবং প্রকল্পের মালামাল আত্মসাতের বিষয়েও কথা বলতে শোনা যায় তাকে। তিনি বলেছেন, ‘৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল তিনি আত্মসাৎ করছেন। ওই হিসাব করে দেখা যাবে, ৫ কোটি টাকার মাল তিনি আত্মসাৎ করেছেন। আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বিপিডিবি সূত্রে জানা গেছে।এ বিষয়ে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ‘ভিডিওটি আমার নজরে এসেছে, ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি।’