চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।নিহত রেহেনা বেগম (৬০) পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম বদিউল আলম।স্থানীয়দের তথ্যমতে, মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রেহেনা বেগম মারা যান। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান।এ বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।