ঢাকার কণ্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্টকে উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অবরুদ্ধ প্রভোস্টকে তাঁর কার্যালয় থেকে বের করে নিতে গিয়ে শিবিরের নেতাকর্মী ও হল সংসদের নেতাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগষ্ট) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এতে হল সংসদের সহ সভাপতি (ভিপি) আবু নাঈম ও সাধারণ সম্পাদক (জিএস) ইমামুল হাসানসহ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এর আগে প্রভোস্টের কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল-মামুনের পদত্যাগের দাবিতে সন্ধ্যা কার্যালয়টি অবরুদ্ধ করে রেখেছিলেন শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নেতাও কিছু শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং হল প্রাধ্যক্ষকে কার্যালয় থেকে বের করে নিতে রাতে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং এবং কয়েকজন সহকারী প্রক্টর। একপর্যায়ে হল সংসদ, শিবির ও ডাকসু নেতারা তাঁদেরও প্রভোস্টের কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখেন।পরে দুই উপ-উপাচার্য সেখান থেকে বের হয়ে যান। এ সময় প্রাধ্যক্ষের কার্যালয়ের গেটে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংয়ের সঙ্গে হল সংসদের ভিপি আবু নাঈম, জিএস ইমামুল হাসানসহ কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছিলেন।সেসময় প্রক্টর ও প্রভোস্টকে সেখান থেকে বের করে নিতে চাইলে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে শিবিরের ও হল সংসদের নেতাকর্মীদের হাতাহাতি হয়।  হামলার সময় প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল প্রাংও ধাক্কা খেয়ে একটি পিলারের সঙ্গে পড়ে যান। পরে ছাত্রদলের একদল নেতা-কর্মীরা প্রক্টর ও প্রভোস্টকে তাঁর কার্যালয় থেকে বের করে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি তামি বলেন, অন্যান্য হল থেকে শিবিরের নেতা-কর্মীরা সেখানে এসেছিলেন। পরে ভিপি-জিএসদের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্টকে উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ