ঢাকা কলেজে একটি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।সংঘর্ষের ঘটনায় সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয় এবং পরে যান চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।ঘটনার বিষয়ে নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শওকত আলী বলেন, ‘আজ পাল্টাপাল্টি ধাওয়ার একটি ঘটনা ঘটেছে। এটি যাতে বড় ধরনের সংঘর্ষে রূপ না নেয়, সে জন্য আমরা ঘটনাস্থলে রয়েছি। সাময়িকভাবে সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দ্রুত তা স্বাভাবিক করা হয়েছে।’তাৎক্ষণিকভাবে সংঘর্ষে হতাহত বা আটক হওয়ার কোনো তথ্য জানায়নি পুলিশ। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।