ঢাকার কণ্ঠ

দীপু মনির স্বামীর জানাজায় গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির প্রয়াত স্বামীর জানাজাকে কেন্দ্র করে গুলশানের আজাদ মসজিদ এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ভৈরব উপজেলা ছাত্রলীগ নেতা আল রাফি প্রত্যয়কে (১৯) কারাগারে পাঠিয়েছেন আদালত।শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।মামলার অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) গুলশানের আজাদ মসজিদ এলাকায় দীপু মনির স্বামীর জানাজাকে কেন্দ্র করে প্রত্যয় ও তার সহযোগীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।পুলিশের দাবি, আল রাফি প্রত্যয়ের বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গত ৭ আগস্ট গুলশান থানায় দায়ের করা ওই মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা ও গোপন বৈঠকের অভিযোগ আনা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জানাজার ঘটনাকে কেন্দ্র করে আটকের পর প্রত্যয়কে ওই মামলার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গ্রেপ্তার আল রাফি প্রত্যয় ভৈরব উপজেলা ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর কাঠালবাগানের এবিসি হোস্টেলে বসবাস করছিলেন। আদালতের আদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দীপু মনির স্বামীর জানাজায় গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে