ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে টাকার দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের, আটক ১

কেরানীগঞ্জের কালিন্দী এলাকায় টাকার লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জাহাঙ্গীর (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হুমায়ূনকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকুও উদ্ধার করা হয়েছে।রোববার (২৪ মে) বিকেল আনুমানিক ৬টার দিকে কালিন্দী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খবর দেন।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ৪২০০ টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে সকাল থেকেই জাহাঙ্গীর ও হুমায়ূনের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, জাহাঙ্গীর টাকা পরিশোধের কথা বলে বারবার সময়ক্ষেপণ করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয়।বিকেলের দিকে বিরোধ চরম আকার ধারণ করলে ক্ষিপ্ত হয়ে হুমায়ূন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাহাঙ্গীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত হুমায়ূনকে আটক রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস বলেন, “ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের সদস্যরা এখনো থানায় আসেননি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

কেরানীগঞ্জে টাকার দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের, আটক ১