ঢাকার কেরানীগঞ্জে খোলা বাজারে অবৈধভাবে জ্বালানী তেল বিক্রি ও মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বৃহস্পতিবার) ২ এপ্রিল দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। অভিযানে মফিজউদ্দিন মোল্লা (৭০) নামে এক ব্যাবসায়ীকে তেল বিক্রির কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও অবৈধভাবে তেল বিক্রি এবং প্রায় ৮০০ লিটার অকটেন ও ডিজেল মজুত করে রাখার দায়ে হাতেনাতে আটক করা হয় এবং মজুতকৃত তেল জব্দ করা হয়।পরে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০২৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দকৃত তেল স্থানীয় একটি পাম্পে বিক্রি করে সে টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।জান্নাতুল মাওয়া সাংবাদিকদের জানান, জ্বালানি সংকট মোকাবিলা এবং অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুত ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ সময় কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।