জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে গাফিলতি হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।শনিবার (১৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাকসু এই ঘোষণা দেয়। এসময় তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা ও অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার দাবিতে পাঁচ দফা দাবি তুলে ধরে।দাবিগুলোর মধ্যে রয়েছে- রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তৎপরতার মাধ্যমে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার, গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন, তদন্ত ও সিসিটিভি ফুটেজ শনাক্তকরণে প্রশাসনিক গাফিলতির অভিযোগে রেজিস্ট্রার, নিরাপত্তা দপ্তর ও প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, ঘটনাকে কেন্দ্র করে কোনো মহলের অপতৎপরতা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা।জাকসু নেতারা অভিযোগ করে বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তে সমন্বয়হীনতা এবং নানা প্রতিবন্ধকতার কারণে সুষ্ঠু তদন্ত ব্যাহত হয়েছে। পাশাপাশি এআই দিয়ে বিকৃত করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রকৃত অভিযুক্ত শনাক্তের প্রক্রিয়া বিভ্রান্তির মুখে পড়েছে বলেও তারা দাবি করেন।জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তদন্তে প্রশাসনের কোনো অংশের গাফিলতি থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, কেউ যেন পরিস্থিতিকে অস্থিতিশীল করে মূল দাবি থেকে দৃষ্টি সরিয়ে না নেয়।