এ মুহূর্তে দেশে জ্বালানি তেলের দাম আরও বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের মানুষকে স্বস্তি দিতে স্থানীয় বাজারেও দাম সমন্বয়ের চেষ্টা করবে সরকার। এর আগে তিনি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের সংকট ও আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাজারে এর প্রভাব নিয়ে আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুকূলে এলে দেশের বাজারেও দাম কমানোর সুযোগ বিবেচনা করা হবে। যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীর জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও রোগীদের সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, গ্যাস নিয়ে সাময়িক যে সমস্যা তৈরি হয়েছিল, তা কেটে গেছে এবং বর্তমানে সরবরাহ স্বাভাবিক রয়েছে।