ঢাকার কণ্ঠ

জ্বালানি সরবরাহ ঠিক হয়েছে, সামনে আর ভোগান্তি হবে না: জ্বালানি মন্ত্রী

ইরান-ইসরায়েল সংঘাত ও কয়েকটি দুর্ঘটনার কারণে দেশে জ্বালানি সরবরাহে যে সাময়িক সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আনার ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এখন জ্বালানি সরবরাহের সাপ্লাই লাইন ঠিক করা হয়েছে এবং জ্বালানি দেশে আসছে। মন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের অন্যতম প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্যে সংকট তৈরি হয়। ফলে বিকল্প উৎস খুঁজে জ্বালানি সংগ্রহ করতে সরকারের কিছুটা সময় লেগেছে। এর মধ্যে জ্বালানি কেনা হলেও তা দেশে আনা সম্ভব হয়নি। এফএসআরইউতে আগুন লাগার ঘটনাও সরবরাহে বিলম্বের আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সাময়িক এই পরিস্থিতির কারণে জনগণকে যে ভোগান্তিতে পড়তে হয়েছে, তার জন্য সরকার দুঃখিত। তাঁর ভাষ্য, সরবরাহ ও দুর্ঘটনাজনিত সমস্যার কারণে এই বিলম্ব হয়েছে এবং সরকার ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেনি। তিনি আরও জানান, বর্তমানে জ্বালানি দেশে আনার ব্যবস্থা করা হয়েছে এবং সরবরাহের সময়সূচিও ঠিক করা হয়েছে। সামনে নতুন কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে সেপ্টেম্বরের শুরু থেকেই গ্যাস ও তরল জ্বালানি সরবরাহের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদনে চাপ তৈরি হয়েছিল। জাগো নিউজের প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি সামাল দিতে সেপ্টেম্বর মাসে অতিরিক্ত ফার্নেস অয়েল আমদানির উদ্যোগ নেওয়া হয়।

জ্বালানি সরবরাহ ঠিক হয়েছে, সামনে আর ভোগান্তি হবে না: জ্বালানি মন্ত্রী