আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত ক্রেতার কাছে হস্তান্তর হলেও আবারও তা ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে। বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্বে নির্ধারিত ক্রেতার কাছে নির্দিষ্ট দামে বিক্রি সম্পন্ন হওয়ার পর পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় মূল্য ফেরত দিয়ে প্রাণীটি আবারও খামারে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এতে আপাতত কোরবানির তালিকা থেকে এটি বাদ পড়েছে।নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া এগ্রো ফার্মে লালিত এই বিরল অ্যালবিনো মহিষটি তার অস্বাভাবিক চেহারার কারণে শুরু থেকেই আলোচনায় আসে। চুল ও চোখের গঠনকে ঘিরে স্থানীয়রা মজার ছলে এর নাম দেন ‘ডোনাল্ড ট্রাম্প’, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।এর আগে রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা ৫৫০ টাকা কেজি দরে মহিষটি কিনেছিলেন বলে জানা যায়। তবে বিক্রির পরপরই এটি দেখতে বিভিন্ন জেলা থেকে মানুষের ভিড় বাড়তে থাকে, যা পরিস্থিতিকে আরও আলোচিত করে তোলে।স্বল্প সময়েই দেশীয় মিডিয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও জায়গা করে নেয় এই মহিষটি। পরে সেটির ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্তে আবারও খামারে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনায়।