ঢাকার কণ্ঠ

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা এবং চলমান নানা বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়নে নেয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।পাশাপাশি রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর নির্ভরশীলতা কমাতে চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানান তিনি।এর আগে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং নতুন দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০টি হোস্টেল নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আধুনিকায়ন-সংক্রান্ত একাধিক নতুন প্রকল্প ও উদ্যোগের ঘোষণা দিতে পারেন।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য খাতের প্রতিনিধিসহ ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী