অভিন্ন জাতীয় স্বার্থ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে আগামী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নিতে তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব তথ্য জানান।তিনি বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে তাকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য পৃথক আমন্ত্রণ পাঠানো হয়েছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উচ্চপর্যায়ের এসব বৈঠক ও আলোচনার মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে চায় ভারত। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার লক্ষ্যও রয়েছে।দুই দেশের সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারত্ব এবং বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভারত-বাংলাদেশের আন্তঃসীমান্ত সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের নিয়ম অনুযায়ী, বিভিন্ন আঞ্চলিক জোটের প্রধানদের এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়।