ঢাকার কণ্ঠ

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনার বাতিল

ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সেমিনার শেষ মুহূর্তে বাতিল হয়েছে। আয়োজকদের দাবি, দিল্লি পুলিশ অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু পার্টনারশিপ’ শীর্ষক আয়োজনটি বাতিল করতে হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি) অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। এফসিসি ও বেলজিয়ামভিত্তিক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের আলোচকদের তালিকায় ছিলেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ। এছাড়া বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী নূরুন নবী, রোহিঙ্গা অধিকারকর্মী রবি আলম, সাবেক ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি, সাবেক জার্মান কূটনীতিক পিটার ফারেনহোল্টজসহ বিভিন্ন দেশের আরও কয়েকজনের অংশ নেওয়ার কথা ছিল। এফসিসির এক সদস্যের বরাত দিয়ে দ্য প্রিন্ট জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ক্লাবের ব্যবস্থাপনা দলের একজন কর্মকর্তা তিলক মার্গ থানায় গিয়ে অনুষ্ঠান আয়োজনের অনুমতি ও নিরাপত্তা ব্যবস্থার জন্য আবেদন করেন। পরে পুলিশ অনুষ্ঠানটির অনুমতি দিতে অস্বীকৃতি জানায় বলে আয়োজকদের জানানো হয়। এরপর এফসিসি তাদের সদস্যদের কাছে অনুষ্ঠান বাতিলের নোটিশ পাঠায়। সেখানে বলা হয়, শেষ মুহূর্তে তৈরি হওয়া পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। আয়োজকরা জানান, ভবিষ্যতে সুবিধাজনক সময়ে অনুষ্ঠানটি আয়োজনের চেষ্টা করা হবে। তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। নয়াদিল্লির ডেপুটি পুলিশ কমিশনার শচীন শর্মা বলেন, এ ধরনের প্যানেল আলোচনা আয়োজনের জন্য এফসিসির পুলিশের অনুমতির প্রয়োজন নেই এবং পুলিশ তাদের কোনো কর্মসূচিতে হস্তক্ষেপ করেনি। অন্যদিকে, তিলক মার্গ থানার একটি নথিতে কর্মসূচিটির অনুমতি না দেওয়ার কথা উল্লেখ রয়েছে। সেখানে ‘কিছু বিতর্কের’ কারণে অনুষ্ঠানটি অনুমোদন না দেওয়ার কথা বলা হয়েছে। এ ঘটনার পেছনে কয়েক সপ্তাহ আগে একই ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়টিও আলোচনায় এসেছে। ওই অনুষ্ঠানের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে অসন্তোষ জানানো হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনার বাতিল