দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সাথে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়াকে।দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের এ নিয়োগ দেওয়া হয়। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।ওই প্রজ্ঞাপনে বলা হয়, তিনজনের মধ্যে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে চেয়ারম্যানের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমরূপ নির্ধারণ করা হয়েছে।অন্য দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়ার বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমরূপ নির্ধারণ করা হয়েছে।নতুন কমিশন গঠনের মধ্য দিয়ে কয়েক মাস ধরে শীর্ষ নেতৃত্বশূন্য থাকা দুদকে পূর্ণাঙ্গ নেতৃত্ব ফিরল। এর আগে গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু করে সরকার। গত ২২ জুন দুদকের কমিশনার পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই ও সুপারিশ দিতে একটি বাছাই কমিটি গঠন করা হয়। দুদক আইন অনুযায়ী কমিশনারদের নিয়োগ রাষ্ট্রপতি দেন বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে। আইন অনুযায়ী কমিশনারদের পূর্ণকালীন দায়িত্ব পালনের কথা রয়েছে এবং তাদের মেয়াদ নির্ধারিত রয়েছে।