মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে পাগলাপীরে সড়কের দুই পাশে সমবেত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তারেক রহমান বলেন, বাংলাদেশ সবার দেশ। এই দেশকে সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গঠনের পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে।সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাও করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। তাই দেশ গড়ার কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি জানতে চান, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার উদ্যোগে তাঁরা তাঁর সঙ্গে আছেন কি না। উপস্থিত লোকজন হাত তুলে সমর্থন জানান। এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। সেখানে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর। পরে রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।