ঢাকার কণ্ঠ

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে আটক যুবক কারাগারে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক অর্ণব দাস (৩২) নামে এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।শনিবার (১৫ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।এর আগে অর্ণব দাসকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম।আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্ণবের মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার কাছ থেকে পাওয়া তথ্য এবং নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে।তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, অর্ণব জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার পাশাপাশি পুনরায় সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়াতে পারেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পরবর্তী সময়ে তদন্তের স্বার্থে তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া, ডি কে গায়েন টিটোসহ কয়েকজন তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে অর্ণব দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে শুনানির সময় তাকে আদালতের এজলাসে তোলা হয়নি।এর আগে শনিবার সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে অর্ণব দাসকে আটক করা হয়। পরে তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার অর্ণব নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় কর্মী।মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের সদস্য। তারা পরস্পর যোগসাজশে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করেন। মিছিলে সমবেত হয়ে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করা, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও জনজীবন বিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক বাবন উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে আটক যুবক কারাগারে