জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও বিএনপি সেটিকে ক্ষমতা হিসেবে দেখে না, বরং জনগণের প্রতি দায়িত্ব হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপির প্রতি আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের প্রয়োজন পূরণ, তাদের দুর্ভোগ কমানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।তিনি বলেন, বিএনপি বিভিন্ন সময় দেশের দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থেকেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখেছে। তার বক্তব্য অনুযায়ী, জনগণের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই দলটি বারবার মানুষের সমর্থন পেয়েছে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিতে বাধা সৃষ্টি হলে শেষ পর্যন্ত সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করা প্রয়োজন।বিরোধী দলগুলোর সমালোচনার ধরন নিয়েও কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, কোনো সরকারি কর্মসূচির সমালোচনা করলে তার পাশাপাশি বিকল্প ও আরও কার্যকর প্রস্তাবও দেওয়া উচিত। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করলে জনগণের উপকার হয় না। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিতে ত্রুটি থাকলে তা চিহ্নিত করে উন্নত পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।বিএনপির এই নেতা আরও বলেন, দেশের অর্থনীতি সংকটে পড়লে তা পুনরুদ্ধার ও উন্নয়নে দলটি বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছে। বর্তমান সরকারও দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, অপরাধ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।