যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় তার শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত জোনাথন ম্যাককিনসির বয়স ৪০ বছর। তিনি নিউইয়র্ক টাইমসের গেমস বিভাগের প্রকৌশল পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন শহরের ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডসের পার্কিং এলাকায় ম্যাককিনসিকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও জরুরি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের কাছেই দুই সন্দেহভাজনকে শনাক্ত করে আটক করা হয়। তারা হলেন ম্যাককিনসির শ্বশুর শউইয়ং ঝাং ও শাশুড়ি শিলি চেন। দুজনের বয়স ৭৭ বছর। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে এবং সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গুলির ঘটনার সময় একাধিক প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন। তারা পরপর গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন। পুলিশ প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ওই দম্পতিকে আটক করে। ম্যাককিনসির মৃত্যুর বিষয়টি নিউইয়র্ক টাইমসও নিশ্চিত করেছে। তিনি ২০২৩ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেন এবং গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল নেতৃত্বে ছিলেন। এদিকে আদালতের নথি ও সাম্প্রতিক প্রতিবেদনে ম্যাককিনসি ও তার স্ত্রী ক্যান্ডিস জ্যাংয়ের মধ্যে বিবাহবিচ্ছেদ ও সন্তানদের হেফাজত নিয়ে আইনি বিরোধের তথ্য উঠে এসেছে। দুজনই এর আগে একে অপরের বিরুদ্ধে সুরক্ষা আদেশ চেয়েছিলেন। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট উদ্দেশ্য পুলিশ এখনো প্রকাশ করেনি। পুলিশের তদন্ত এখনো চলছে। গ্রেপ্তার হওয়া দম্পতির বুধবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।