ঢাকার কণ্ঠ

৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড, জানুন কারা

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ করেছে সরকার। নতুন নীতিমালায় নির্দিষ্ট কিছু আর্থিক, চাকরি, সম্পদ ও আয়সংক্রান্ত বৈশিষ্ট্য থাকা পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধার বাইরে রাখার কথা বলা হয়েছে। নীতিমালা অনুযায়ী, প্রায় ২ কোটি নারী পরিবারপ্রধানকে সরাসরি সরকারি-থেকে-ব্যক্তি বা জিটুপি পদ্ধতিতে মাসিক নগদ সহায়তার আওতায় আনার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে প্রকৃত দরিদ্র পরিবার শনাক্ত, একই ব্যক্তির একাধিক সরকারি সুবিধা নেওয়া বন্ধ এবং আয়-সম্পদ যাচাইয়ের জন্য সমন্বিত ডিজিটাল কাঠামো রাখা হয়েছে। যারা ফ্যামিলি কার্ড পাবেন না নীতিমালায় বহির্ভূত তালিকায় আট ধরনের ব্যক্তি বা পরিবারের কথা বলা হয়েছে। ১. নির্ধারিত পিএমটি স্কোরের বেশি হলে সরকার নির্ধারিত প্রক্সি মিনস টেস্ট বা পিএমটি স্কোরের ঊর্ধ্বসীমার বেশি স্কোর পাওয়া পরিবার সুবিধা পাবে না। ২. সরকারি চাকরিজীবী নারী পরিবারপ্রধান হলে পরিবারের মনোনীত নারী প্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতা পেলে তিনি এ সুবিধার বাইরে থাকবেন। এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারীর ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য। ৩. নিয়মিত পেনশন পেলে মনোনীত নারী পরিবারপ্রধান নিয়মিত সরকারি পেনশন বা সমজাতীয় অবসর সুবিধা পেলে ফ্যামিলি কার্ড পাবেন না। তবে প্রতিবন্ধী সন্তানের কারণে বিশেষ পেনশন পাওয়া এই শর্তের বাইরে থাকবে। ৪. ৫ লাখ টাকার বেশি সঞ্চয় বা বিনিয়োগ থাকলে পরিবারের কোনো সদস্যের নামে জাতীয় সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে সুবিধা মিলবে না। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়, এফডিআর বা অন্য বিনিয়োগ থাকলেও পরিবারটি বাদ পড়বে। ৫. নির্দিষ্ট ধরনের মোটরযান থাকলে পরিবারের কোনো সদস্যের নামে বিআরটিএ নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান থাকলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। এর মধ্যে কার, জিপ, পিকআপ, বাস, ট্রাক, মাইক্রোবাসসহ নির্দিষ্ট বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহন রয়েছে। ৬. বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসা থাকলে পরিবারের কোনো সদস্যের নামে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক উদ্দেশ্যে বৈধ ও হালনাগাদ লাইসেন্সধারী ব্যবসা থাকলে সেই পরিবার সুবিধা পাবে না। ৭. করযোগ্য আয় ও নিয়মিত করদাতা হলে পরিবারের কোনো সদস্য নিয়মিত করদাতা হলে এবং তার করযোগ্য আয় থাকলে পরিবারটি ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য হবে না। ৮. নির্দিষ্ট পরিমাণ জমি বা মূল্যবান অকৃষি জমি থাকলে বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক ৫০ একর বা তার বেশি হলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। একইভাবে অকৃষি বা বাণিজ্যিক জমি কিংবা জায়গার বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলেও পরিবারটি সুবিধার বাইরে থাকবে। নীতিমালায় যোগ্য প্রতিটি পরিবারের জন্য একটি স্থায়ী ও অনন্য পরিচিতি নম্বর বা ‘ওয়ান-আইডি’ দেওয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে পরিবারের তথ্য একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় সংরক্ষণ ও যাচাই করা হবে। আবেদনকারীর তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয়পত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয় রাজস্ব বোর্ড, বিআরটিএ, ভূমি মন্ত্রণালয়, সরকারি তথ্যভান্ডার এবং ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া তথ্যের অসঙ্গতি বা জালিয়াতি শনাক্ত করতে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিংভিত্তিক প্রযুক্তি ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। ফ্যামিলি কার্ডের নারী পরিবারপ্রধান একই সময়ে অন্য কোনো সমজাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিতে পারবেন না। অর্থাৎ টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড, খাদ্যবান্ধব কর্মসূচি, ভিডব্লিউবি, বয়স্ক ভাতা, বিধবা বা স্বামী নিগৃহীতা নারী ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার মতো সুবিধা গ্রহণ করলে আগের সুবিধা বাতিল বা স্থগিত হতে পারে। তবে নারী পরিবারপ্রধান ছাড়া পরিবারের অন্য সদস্যরা প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য সামাজিক নিরাপত্তা সুবিধা পেতে পারবেন।

৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড, জানুন কারা