পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নীলম মুনিরের ঘরে নতুন অতিথি এসেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী, স্বামী মুহাম্মদ রশিদের সঙ্গে প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন তাঁরা। তবে এ বিষয়ে নীলম কিংবা তাঁর স্বামীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, নীলমের মা হওয়ার খবরটি প্রথম ছড়িয়ে পড়ে তাঁর স্বামীর এক ঘনিষ্ঠ বন্ধুর টিকটক পোস্টের মাধ্যমে। ওই পোস্টে মুহাম্মদ রশিদকে পুত্রসন্তানের বাবা হওয়ায় অভিনন্দন জানানো হয়। পাশাপাশি নবজাতকের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করা হয়।খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নীলমের ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন। তবে অভিনেত্রীর নিজের কোনো ঘোষণা বা নবজাতকের ছবি প্রকাশিত না হওয়ায় ভক্তরা তাঁর আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন। নীলম মুনির পাকিস্তানের টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘দিল মম কা দিয়া’ নাটকে উলফাত চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান তিনি। এ ছাড়া ‘কায়ামাত’, ‘কাহি দ্বীপ জালে’ ও ‘কয়েদ-ই-তানহায়ে’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ছুপান ছুপাই’, ‘রং নম্বর ২’ ও ‘চক্কর’।নীলম মুনির ২০২৪ সালের শেষ দিকে দুবাইয়ে মুহাম্মদ রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিয়ের পর থেকে ব্যক্তিজীবন অনেকটাই আড়ালে রেখেছেন এই অভিনেত্রী। এবার তাঁর মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তাঁকে ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।