পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে প্রণীত পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত আইনে শাস্তির মেয়াদ, জরিমানার পরিমাণ এবং কারাদণ্ডের বিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।২৮ জুন জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের জামায়াতের সংসদ সদস্য নাজমুন নাহারের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।সমাজকল্যাণমন্ত্রী জানান, স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইনে শাস্তির মেয়াদ, জরিমানা ও কারাদণ্ডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।এদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতের রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগের বিষয়েও সংসদে কথা বলেন মন্ত্রী।নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত বছরগুলোতে ভাতা প্রদানে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।তিনি জানান, প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করা এবং ভুয়া বা অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিতে দেশব্যাপী শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এ লক্ষ্যে ভাতাভোগীদের তালিকা পুনর্যাচাইয়ের জন্য গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে।