কেরানীগঞ্জের হযরতপুর উচ্চ বিদ্যালয়ে এক আকস্মিক পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য,ডাকসুর সাবেক ভিপি,সংসদ সদস্য ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমান উল্লাহ আমান। রোববার (২৩ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি শ্রেণি কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। এ সময় তিনি নিয়মানুবর্তিতা রক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর বার্তা ও দিকনির্দেশনা পৌঁছে দেন।বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কম উপস্থিতি ও শৃঙ্খলার ঘাটতি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন আমান উল্লাহ আমান। দীর্ঘদিনের অবহেলা ও জবাবদিহিতাহীনতার তীব্র সমালোচনা করে তিনি বলেন, "১৭ বছর ধরে যে অ্যাকাউন্টেবিলিটির অভাব ছিল, তা আর চলতে দেওয়া হবে না।"অনুপস্থিতির কারণে অসন্তোষ প্রকাশ করে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবিলম্বে নবম শ্রেণির সংশ্লিষ্ট ক্লাস টিচার পরিবর্তনের নির্দেশ দেন। একইসঙ্গে শিক্ষক নুরুল ইসলাম মাস্টারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং তা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। অনুপস্থিত শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রতিদিন পাঠদান শেষে অভিভাবকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের পাশাপাশি শিক্ষকদের প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশনা দেন তিনি।শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমান উল্লাহ আমান বলেন, "তোমাদের জীবনে অনেক বড় হতে হবে, বড় কর্মকর্তা বা ব্যবসায়ী হয়ে দেশে-বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে হবে।" এ সময় আমান উল্লাহ আমান শিক্ষার্থীদের সময়মতো স্কুলে আসা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করা এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার শপথ পাঠ করান।