বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন জটিলতা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার মতে, দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধানের পথ তৈরি হবে। রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনায় বসলে দুই দেশের অনেক সমস্যার সমাধান হতে পারে। কথাবার্তার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মনে করেন। ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে এবং আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব। এ ক্ষেত্রে নেতিবাচক কিছু দেখছেন না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাতের সময় নির্ধারণ হয়েছে আগামীকাল সোমবার। ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই হবে তার প্রথম সাক্ষাৎ। আগামীকালের সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সম্মান করে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন বক্তব্য শুনেছেন এবং তাকে জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনবান্ধব বলে মন্তব্য করেন তিনি।