সুইডেনের জাতীয় নির্বাচনে মধ্য-বাম বিরোধী জোট অল্প ব্যবধানে জয় পেয়েছে। চূড়ান্ত ভোট গণনায় চারটি বিরোধী দল মিলে পার্লামেন্টের ৩৪৯ আসনের মধ্যে ১৭৬টি আসন পেয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন চারদলীয় জোট পেয়েছে ১৭৩টি আসন। দুই জোটের ব্যবধান মাত্র তিনটি আসন।ফলাফল নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন পদত্যাগের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া চিঠিতে তিনি জানান, নতুন সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করার সুযোগ করে দিতেই তিনি পদ ছাড়ছেন।নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্র্যাটরা সবচেয়ে বেশি আসন পেয়েছে—৯৯টি। তাদের সঙ্গে বামপন্থি দল, গ্রিন পার্টি ও সেন্টার পার্টি মিলে বিরোধী জোট ১৭৬ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।তবে এই জয় সত্ত্বেও নতুন সরকার গঠন অ্যান্ডারসনের জন্য সহজ নাও হতে পারে। চার দলের মধ্যে বিভিন্ন নীতিগত পার্থক্য রয়েছে। বিশেষ করে সেন্টার পার্টি ও লেফট পার্টির মধ্যে সহযোগিতা নিয়ে মতপার্থক্য রয়েছে। ফলে কোন ধরনের জোট বা সমর্থনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে, তা নিয়ে আলোচনা প্রয়োজন হবে।ক্রিস্টারসনের সরকার গত মেয়াদে সোশ্যাল ডেমোক্র্যাটদের প্রধান প্রতিদ্বন্দ্বী সুইডেন ডেমোক্র্যাটস দলের সংসদীয় সমর্থনের ওপর নির্ভরশীল ছিল। এবারের নির্বাচনে দলটি ৬২টি আসন পেয়েছে, যা ২০২২ সালের তুলনায় ১১টি কম।ক্রিস্টারসনের পদত্যাগের পর এখন পার্লামেন্টের স্পিকার নতুন সরকার গঠনের প্রক্রিয়া পরিচালনা করবেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্পিকার অ্যান্ড্রেয়াস নরলেন সরকার গঠনের বিষয়ে ম্যাগডালেনা অ্যান্ডারসনকে আলোচনার দায়িত্ব দিয়েছেন।