ঢাকার কণ্ঠ

প্রশাসনে ফের রদবদল, বদলি-পদায়ন ৭ কর্মকর্তা

প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি, নতুন পদে পদায়ন ও প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়।নতুন আদেশে দুই কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), তিনজনকে বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একজনকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আরেক কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার নবাবগঞ্জের ইউএনও দিলরুবা ইসলামকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তাকে শরীয়তপুরের এডিসি করার নির্দেশ দেওয়া হয়েছিল।একইভাবে গোপালগঞ্জের কোটালীপাড়ার ইউএনও সাগুফতা হককে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে। এর আগে তার পদায়ন মুন্সীগঞ্জে নির্ধারণ করা হয়েছিল।ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১০(২) ধারা অনুযায়ী, দিলরুবা ইসলাম ও সাগুফতা হককে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে।এদিকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়েছে।চাঁদপুরের কচুয়ার ইউএনও মাহমুদুল হাসান রাসেলকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং ময়মনসিংহের ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।অন্যদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইষিতা আক্তারকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।এ ছাড়া ঢাকার কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়াকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার আগের সিদ্ধান্ত বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১২ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রশাসনে ফের রদবদল, বদলি-পদায়ন ৭ কর্মকর্তা