ঢাকার কণ্ঠ

ফিলিপাইনে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের খবর নেই

ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওতে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।আজ শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ফিভোলকসের হিসাবে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।অন্যদিকে, ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস)-এর বরাত দিয়ে গালফ নিউজ জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের সারানগানি পৌরসভার বালুত দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে এবং ১২ কিলোমিটার পশ্চিমে।শক্তিশালী এ ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্কতা জারি করেছে ফিভোলকস। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপাইন বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি। এ অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।এর আগে বুধবার সন্ধ্যায় উত্তর ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বৃহস্পতিবার রাত পর্যন্ত সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৪ হাজার ৩০০ মানুষ।একই দিনে জাপানেও ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি।

ফিলিপাইনে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের খবর নেই