ঢাকার কণ্ঠ

আসামে ভয়াবহ বন্যা: ১৬ জেলায় ১০ প্রাণহানি

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভারতের আসাম রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সীমান্তঘেঁষা এই রাজ্যের ৩৫ জেলার মধ্যে ১৬টি জেলা এখন বন্যাকবলিত। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৩ লাখ ৬২ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।আসাম রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, বন্যার পানিতে ৭৯৪টি গ্রাম প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিভাসগড়, চারাইদেও ও জোরহাট জেলা। এর মধ্যে শুধু শিভাসগড়েই প্রায় ১ লাখ ৫৮ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন।বন্যার কারণে আপার আসামের বিস্তীর্ণ আবাসিক এলাকা তলিয়ে গেছে। বিভিন্ন সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি প্রায় ১৯ হাজার ১০০ হেক্টর কৃষিজমির ফসল পানির নিচে ডুবে গেছে, যা কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।এএসডিএমএ জানায়, টানা বৃষ্টির ফলে ব্রহ্মপুত্র, বুরহিদিহিং, দিসাং ও ধানসিঁড়িসহ রাজ্যের প্রায় সব প্রধান নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।দুর্গত মানুষের জন্য বিভিন্ন জেলায় ১০১টি ত্রাণশিবির খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৯ হাজার ৬০৬ জন অবস্থান করছেন। এছাড়া বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে এনডিআরএফ, এসডিআরএফ, সেনাবাহিনী ও দমকল বাহিনীর সমন্বয়ে যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।রাজ্য প্রশাসন জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে বন্যা আরও বিস্তৃত হতে পারে। তাই নদীতীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আসামে ভয়াবহ বন্যা: ১৬ জেলায় ১০ প্রাণহানি