চলছে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। আজকের হাইভোল্টেজ ম্যাচে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মোহামেদ সালাহর মিশর। আটলান্টা স্টেডিয়ামে রাত ১০টায় মাঠে নামবে দুই দল।আর্জেন্টিনার সমর্থক জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির প্রতিটি ম্যাচই আনন্দ নিয়ে উপভোগ করেছেন তিনি। তবে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার আজকের ম্যাচে তার সমর্থন থাকছে ভিন্ন দিকে। মেসির দল নয়, এবার মিশরের জয় চান এই অভিনেত্রী।সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়ে বর্ষা লিখেছেন, “আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই, দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।”বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনার ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে আসছেন বর্ষা। কখনো প্রিয় দলকে সমর্থন করেছেন, আবার কখনো অন্য দলের পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেছেন তিনি।বর্ষার এমন মন্তব্যের পর তার অনেক ভক্ত-অনুরাগী সমর্থন জানিয়েছেন। তবে কেউ কেউ মনে করছেন, খেলাধুলার সঙ্গে ধর্মীয় বিষয় যুক্ত করা ঠিক নয়।উল্লেখ্য, ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক হয় আফিয়া নুসরাত বর্ষার। স্বামী ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিলের প্রযোজিত ও অভিনীত সিনেমায় নিয়মিত কাজ করেছেন তিনি। গত বছর অভিনয় থেকে সরে গিয়ে ধর্মীয় জীবনযাপনের ঘোষণা দিয়েছিলেন এই তারকা দম্পতি। পরে জানান, হাতে থাকা সিনেমার কাজ শেষ করে অবসরে যাবেন তারা।