রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ইয়াসমিন আরা ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন। ব্যয়বহুল চিকিৎসার কারণে আর্থিক সংকটে পড়া এ শিক্ষিকার পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন।শনিবার (২৫ জুলাই) মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইয়াসমিন আরার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় যুক্ত ইয়াসমিন আরা শিক্ষার্থীদের কাছে একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তার স্বাভাবিক জীবন ব্যাহত হয় এবং চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারও আর্থিক চাপে পড়ে।ইয়াসমিন আরা জানান, তার ক্যান্সার তৃতীয় ধাপে শনাক্ত হয়েছে এবং লিম্ফ নোডেও ছড়িয়ে পড়েছে। বর্তমানে তাকে নিয়মিত ওরাল কেমোথেরাপি নিতে হচ্ছে, যার জন্য প্রতি মাসে প্রায় ৬৫ হাজার টাকা ব্যয় হয়। তিনি বলেন, অসুস্থতার মধ্যেও তিনি যতটা সম্ভব ক্লাস নেওয়ার চেষ্টা করেছেন এবং সুস্থ হয়ে আবার শিক্ষার্থীদের মাঝে ফিরে যেতে চান।শিক্ষিকার এই পরিস্থিতির কথা জানতে পেরে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন তার চিকিৎসায় আর্থিক সহায়তা দেয়। ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর মো. আমিনুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি শুধু আর্থিক সহযোগিতাই নয়, ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে সমাজের সামর্থ্যবান মানুষদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।ইয়াসমিন আরা বলেন, এই সহায়তা তাকে নতুন করে লড়াই করার সাহস জুগিয়েছে। সুস্থ হয়ে আবারও শ্রেণিকক্ষে ফিরে শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।