ঢাকার কণ্ঠ

কলকাতার আগুনে ৭ বাংলাদেশি নিহত, দেশে ফিরছে ৬ মরদেহ

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উদ্যোগে সীমান্তপথে মরদেহগুলো দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। জানা গেছে, ছয়জনের মধ্যে পাঁচজনের মরদেহ বেনাপোল স্থলবন্দর দিয়ে এবং একজনের মরদেহ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে আনা হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২১ আগস্ট) বিকেলের মধ্যে মরদেহগুলো দেশে পাঠানোর বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে।অন্যদিকে নিহত সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের মরদেহ কলকাতাতেই সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আগ্রহ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমতির প্রক্রিয়া চলছে।গত ১৯ আগস্ট রাতে কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ আগুন লাগে। এতে মোট নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় নাগরিক ছিলেন। ঘটনার পর হোটেলটির নিরাপত্তাব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও ভবনের কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসনও ঘটনাটি তদন্ত করছে। 

কলকাতার আগুনে ৭ বাংলাদেশি নিহত, দেশে ফিরছে ৬ মরদেহ