রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর পুরো এলাকা ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছে কাজ শুরু করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুরোনো বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি-২। অভিযানে একটি ব্যাগের ভেতর বেশ কিছু বিস্ফোরক পাওয়া যায়। পরে এলাকায় আরও বিস্ফোরক রয়েছে কি না, তা খুঁজে দেখতে তল্লাশি শুরু করা হয়। এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে মাঠের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে এসব বিস্ফোরক সেখানে কীভাবে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার অভিযান ও নিষ্ক্রিয় করার কাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।