ঢাকার কণ্ঠ

চারদিন কমার পর হঠাৎ বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

টানা কয়েক দফা দরপতনের পর বিশ্ববাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিনিয়োগকারীদের নজর এখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহের পরিস্থিতির দিকে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টার দিকে নভেম্বরের ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৪৮ ডলারে ওঠে। একই সময়ে অক্টোবরের ডব্লিউটিআই ফিউচার ৮৭ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ৬৫ ডলারে দাঁড়ায়। অন্যদিকে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই ফিউচারও ৮৫ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ২২ ডলারে ওঠে। অক্টোবরের ডব্লিউটিআই চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার কথা। তেলের বাজারে এই ঊর্ধ্বগতির পেছনে অন্যতম কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনাকে দেখা হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীরা অপেক্ষায় রয়েছেন। তবে বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক দরপতনের পর মঙ্গলবারের দাম বাড়াকে এখনই বাজারের মৌলিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে না। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেছেন, সাম্প্রতিক পতনের পর বিনিয়োগকারীদের অবস্থান বদলের কারণেও এই উত্থান হতে পারে। এদিকে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহের পরিমাণও বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরামকো হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি বাড়িয়েছে। রোববার উপসাগরীয় এলাকায় সাতটি বড় তেলবাহী জাহাজে প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল তোলা হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখনো বাজারের জন্য বড় অনিশ্চয়তা হয়ে আছে। ইয়েমেনের হুতিদের হামলা, সৌদি আরবের তেল সরবরাহ অবকাঠামোর ওপর হামলা এবং লিবিয়ার শারারা তেলক্ষেত্রে সরবরাহ বিঘ্নিত হওয়ার মতো ঘটনাগুলোও বৈশ্বিক তেলবাজারে নজরে রয়েছে। 

চারদিন কমার পর হঠাৎ বাড়ল বিশ্ববাজারে তেলের দাম