একদিকে গুরুতর অন্ত্রের সংক্রমণ, অন্যদিকে শুটিং সেটে দুর্ঘটনায় সাময়িক স্মৃতিভ্রংশ, পরপর স্বাস্থ্যঝুঁকির মধ্য দিয়ে যেতে হচ্ছে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও বিগ বস তারকা জেসমিন ভাসিনকে। সম্প্রতি খাতরো কে খিলাড়ি ১৫-এর একটি স্টান্টের পর ভয়ংকর এক অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্টান্ট চলাকালে মাথায় আঘাত পাওয়ার পর কিছু সময়ের ঘটনা মনে করতে পারছিলেন না জেসমিন। চিকিৎসকেরা তাকে হালকা কনকাশন বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার কথা জানান এবং ৭২ ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন।জেসমিন জানিয়েছেন, স্টান্ট শেষ হওয়ার পরপর কী ঘটেছিল, তার একটি অংশ এখনো তার স্মৃতিতে নেই। ঘটনাটি তার কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। বেশ কিছুদিন পেরিয়ে গেলেও সেই সময়ের কিছু স্মৃতি পুরোপুরি ফিরে আসেনি বলে জানান তিনি।এদিকে চলতি বছরের জুনে জন্মদিন উদযাপন করতে প্রেমিক আলি গনির সঙ্গে দুবাই যাওয়ার পরও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়েছিলেন জেসমিন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় তার টার্মিনাল ইলিয়াইটিস, অর্থাৎ ক্ষুদ্রান্ত্রের শেষ অংশে প্রদাহের পাশাপাশি গুরুতর সংক্রমণ ও প্রদাহ ধরা পড়ে।অসুস্থতার সময় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। চিকিৎসকেরা তাকে তাৎক্ষণিকভাবে দেশে ফেরার অনুমতিও দেননি বলে জানিয়েছিলেন জেসমিন। পরে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ভারতে ফিরে গিয়ে চিকিৎসা চালিয়ে যান তিনি।স্বাস্থ্যগত এসব চ্যালেঞ্জের মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। খাতরো কে খিলাড়ি ১৫-এর শুটিংয়ে অংশ নেওয়ার অভিজ্ঞতা নিয়ে এর আগে তিনি বলেছিলেন, এবারের মৌসুমটি ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিংগুলোর একটি।তবে সাম্প্রতিক দুর্ঘটনার পর নিজের শারীরিক অবস্থার বিষয়ে সতর্ক রয়েছেন জেসমিন। তার স্মৃতির যে অংশটি এখনো পুরোপুরি ফিরে আসেনি, সেটিই আপাতত তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে।