স্মার্টফোন ব্যবহার করার সময় হঠাৎ পুরো স্ক্রিনজুড়ে বিজ্ঞাপন ভেসে ওঠা কিংবা কোনো অ্যাপ না খুললেও অচেনা ওয়েবসাইট ও গেমের প্রচার দেখা দেওয়ার সমস্যায় পড়েন অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী। বারবার এমন বিজ্ঞাপন আসায় ফোন ব্যবহার বিরক্তিকর হয়ে ওঠে। কিছু ক্ষেত্রে এটি সন্দেহজনক অ্যাপ বা অ্যাডওয়্যারের লক্ষণও হতে পারে।সাধারণত সন্দেহজনক অ্যাপ, ব্রাউজারের নোটিফিকেশন অনুমতি কিংবা বিজ্ঞাপন দেখানো অ্যাপের কারণে এ সমস্যা দেখা দেয়। তবে ফোনে বিজ্ঞাপন এলেই সেটিকে ভাইরাসের লক্ষণ মনে করা ঠিক নয়। বিজ্ঞাপনের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে অনেক ক্ষেত্রেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে১. সন্দেহজনক অ্যাপ আনইনস্টল করুনকোনো নতুন অ্যাপ ইনস্টল করার পর থেকে বিজ্ঞাপন আসা শুরু হলে অ্যাপটি পরীক্ষা করুন। বিশেষ করে অচেনা উৎস থেকে ডাউনলোড করা ক্লিনার, লঞ্চার বা বিনা মূল্যের টুলের বিষয়ে সতর্ক থাকুন।ফোনের সেটিংসে গিয়ে অ্যাপের তালিকা দেখুন। সম্প্রতি ইনস্টল করা কোনো সন্দেহজনক অ্যাপ পাওয়া গেলে সেটি আনইনস্টল করে ফোন পুনরায় চালু করুন। এরপর বিজ্ঞাপন আসার সমস্যা কমেছে কি না, পরীক্ষা করুন। ২. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুনঅনেক সময় বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের নোটিফিকেশনের মাধ্যমে বিজ্ঞাপন আসে। নোটিফিকেশন প্যানেলে বিজ্ঞাপন দেখা গেলে সেটির ওপর কিছুক্ষণ চেপে ধরে কোন অ্যাপ থেকে সেটি এসেছে, তা শনাক্ত করার চেষ্টা করুন।এরপর সংশ্লিষ্ট অ্যাপের নোটিফিকেশন বন্ধ করুন। ব্রাউজার থেকে বিজ্ঞাপন এলে ব্রাউজারের সেটিংসে গিয়ে অনুমতি পাওয়া ওয়েবসাইটগুলোর তালিকা পরীক্ষা করে সন্দেহজনক সাইটের নোটিফিকেশন বন্ধ করে দিন।৩. হোম স্ক্রিনে বিজ্ঞাপন এলে লঞ্চার পরীক্ষা করুনফোনের হোম স্ক্রিনে বারবার বিজ্ঞাপন ভেসে উঠলে সম্প্রতি ইনস্টল করা লঞ্চার বা অন্য কোনো অ্যাপ দায়ী কি না, তা পরীক্ষা করুন। কিছু অ্যাপ অন্য অ্যাপের ওপর বিজ্ঞাপন দেখানোর অনুমতি ব্যবহার করতে পারে।প্রয়োজনে সন্দেহজনক অ্যাপ সরিয়ে ফোনের ডিফল্ট লঞ্চার ব্যবহার করুন। পাশাপাশি সেটিংসে গিয়ে কোন অ্যাপ অন্য অ্যাপের ওপর ভেসে থাকার অনুমতি পেয়েছে, তা যাচাই করুন। ফোনের ব্র্যান্ড ও অ্যান্ড্রয়েড সংস্করণ অনুযায়ী সেটিংসের নাম কিছুটা আলাদা হতে পারে।৪. ব্রাউজারের পপ-আপ ও রিডাইরেক্ট বন্ধ করুনইন্টারনেট ব্রাউজ করার সময় হঠাৎ নতুন ট্যাব খুলে গেলে বা অচেনা ওয়েবসাইটে চলে গেলে ব্রাউজারের সেটিংস পরীক্ষা করুন। গুগল ক্রোমের মতো ব্রাউজারে পপ-আপ ও রিডাইরেক্ট বন্ধ রাখুন।এ ছাড়া যেসব ওয়েবসাইটকে নোটিফিকেশন পাঠানোর অনুমতি দিয়েছেন, সেগুলোর তালিকা দেখে অপ্রয়োজনীয় অনুমতি বাতিল করুন। প্রয়োজনে ব্রাউজিং ডেটা মুছে ফেলতে পারেন। তবে এতে কিছু ওয়েবসাইট থেকে লগআউট হয়ে যেতে পারেন।৫. প্লে প্রটেক্ট দিয়ে ফোন পরীক্ষা করুনফোনে ক্ষতিকর অ্যাপ থাকার সন্দেহ হলে গুগল প্লে স্টোরের ‘প্লে প্রটেক্ট’ ব্যবহার করে স্ক্যান করুন। এটি ক্ষতিকর অ্যাপ শনাক্ত করতে সাহায্য করে।পাশাপাশি ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপ নিয়মিত আপডেট রাখুন। অচেনা ওয়েবসাইট থেকে এপিকে ফাইল ডাউনলোড করা এড়িয়ে চলুন। কোনো অ্যাপ প্রয়োজনের অতিরিক্ত অনুমতি চাইলে তা দেওয়ার আগে সতর্ক থাকুন।ফোনে বিজ্ঞাপন দেখলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। অনেক বিনা মূল্যের অ্যাপ স্বাভাবিকভাবেই বিজ্ঞাপন দেখায়। তবে কোনো অ্যাপ না খুললেও বারবার পুরো স্ক্রিনে বিজ্ঞাপন আসা, ফোন নিজে থেকে অচেনা ওয়েবসাইট খুলে ফেলা কিংবা অস্বাভাবিক আচরণ করা সন্দেহজনক অ্যাপের লক্ষণ হতে পারে।এ ধরনের বিজ্ঞাপনে দেখানো পুরস্কার, লটারি বা নিরাপত্তা সতর্কতার প্রলোভনে ক্লিক করবেন না। অচেনা লিংকে গিয়ে পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য বা ওটিপি দেওয়াও এড়িয়ে চলুন। বিজ্ঞাপনের উৎস শনাক্ত করে সন্দেহজনক অ্যাপ ও অপ্রয়োজনীয় অনুমতি সরিয়ে ফেললে অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান সম্ভব।