ঢাকার কণ্ঠ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত অপেক্ষা: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে বেড়ে যাওয়া লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক করতে আপাতত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত শেষ হওয়ার অপেক্ষা করা ছাড়া বড় কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর মহাখালীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত জ্বালানি সংকটবিষয়ক এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এফএসআরইউতে আগুন লাগার পর থেকেই গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। নতুন করে দ্রুত গ্যাস উত্তোলন করা সম্ভব নয়, আবার এফএসআরইউ সচল না থাকায় মজুত থাকা এলএনজিও জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে না।তিনি বলেন, বর্তমানে বিদেশি প্রকৌশলীরা এফএসআরইউ মেরামতের কাজ করছেন। সেটি পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং কমিয়ে আনা এবং শিল্প খাতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করাই সরকারের প্রধান ব্যবস্থাপনার কাজ। ইকবাল হাসান মাহমুদ বলেন, এফএসআরইউ মেরামত শেষ হওয়ার অপেক্ষায় দিন গোনা ছাড়া আপাতত তার হাতে বড় কোনো বিকল্প নেই। তবে বিদ্যুৎ ও গ্যাসের সীমিত সরবরাহ কীভাবে সর্বোচ্চ কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। দীর্ঘমেয়াদে গ্যাস সংকট মোকাবিলায় অবকাঠামো বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। ২০২৯ সালের মধ্যে নতুন কয়েকটি এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত অপেক্ষা: বিদ্যুৎমন্ত্রী