ঢাকার কণ্ঠ

বাজেট নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ জনগণকে না দিয়ে বিদেশে পাচার করেছিলো একটি দল। জনগণের টাকা পাচার হতে দেবো না, জনগণের অর্থ দিয়ে জনগণের কাজ করা হবে। যারা বিদেশে টাকা পাচার করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলো আগামী পাঁচ বছরে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।তিনি বলেন, ‘যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, সেটা সংসদের ভেতরে হোক বা সংসদের বাইরে হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এ লোকেরা, এ দলগুলো দেশে যদি অশান্তি করে সুযোগ পায় আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারব না।’ তিনি আরও বলেন, ‘আমরা এই বাজেটের মধ্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুল্ক প্রত্যাহার করেছি, যাতে জিনিসের দাম না বাড়ে। জনগণের কথা চিন্তা করে আমরা ৬০টি নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে কর প্রত্যাহার করেছি।’প্রধানমন্ত্রী বলেন, ‘যতবারই এই বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবারই দেশের জনগণ নিরপেক্ষভাবে ভোট দিতে পেরেছে, প্রত্যেকবারই মানুষ ধানের শীষকে বেছে নিয়েছে। যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। জনগণ ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না।

বাজেট নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর