টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সড়কজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। বিশেষ করে মহাখালী-বিমানবন্দর সড়ক, কাকলী, বনানী, খিলক্ষেত, শাহবাগ, আগারগাঁও ও ইসিবি চত্বর এলাকায় যান চলাচল ধীরগতির হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।রোববার (১২ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, মহাখালী ও কাকলী মোড়ের কয়েকটি নিচু স্থানে পানি জমে রয়েছে। জলাবদ্ধতা এড়িয়ে ধীরে ধীরে যানবাহন চলাচল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোথাও কোথাও যাত্রীরা বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।মহাখালীতে বাসের অপেক্ষায় থাকা বেসরকারি চাকরিজীবী মাহমুদুল হাসান বলেন, “আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। কয়েকশ মিটার রাস্তা পার হতে বাসের ২০ থেকে ২৫ মিনিট সময় লাগছে।”গাজীপুরগামী যাত্রী হেলাল উদ্দিন বলেন, “বৃষ্টি হলেই এই সড়কের দুর্ভোগ শুরু হয়। জলাবদ্ধতা আর যানজট মিলিয়ে গন্তব্যে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যাচ্ছে।”এদিকে রাজধানীর বিভিন্ন বাসস্টপে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। গণপরিবহনে অতিরিক্ত চাপের কারণে দাঁড়িয়ে যাওয়ার মতো জায়গাও মিলছে না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা। যানবাহনের গতি কমে যাওয়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি কাজে বের হওয়া মানুষকে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।