ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে তার ১৬ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।বুধবার (২৯ জুলাই) কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ ব্যবধানের জয়ের পর নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৪ বছর বয়সী এই তারকা। ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে চলা সব জল্পনা-কল্পনারও অবসান হয় এই ঘোষণার মাধ্যমে।নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জাতীয় দলের জার্সিতে সেটিই ছিল নেইমারের শেষ ম্যাচ।ম্যাচ শেষে নেইমার বলেন, ‘জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি, আমি খুব খুশি। ব্রাজিলের জার্সির জন্য আমি আমার রক্ত, ঘাম ও সর্বোচ্চটা দিয়েছি। কিন্তু এখন আর সেই লড়াই চালিয়ে যেতে চাই না।’আন্তর্জাতিক ক্যারিয়ারে নেইমার ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিচ্ছেন। দেশের হয়ে একাধিক ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিক আসরে অংশ নিয়ে তিনি অসংখ্য সাফল্যে অবদান রেখেছেন।বর্তমানে তার পুরো মনোযোগ সান্তোসের হয়ে ক্লাব ফুটবলে। সম্প্রতি ড্রেসিংরুমে কনিষ্ঠ সতীর্থদের সমালোচনা ও ভয় দেখানোর অভিযোগও নাকচ করেছেন তিনি। নেইমারের ভাষ্য, ম্যাচের পর তিনি কেবল দলের পারফরম্যান্স উন্নত করার উদ্দেশ্যেই কথা বলেছেন এবং এ বিষয়ে ছড়ানো গুজব বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। এই জয়ে কোপা সুদামেরিকার শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে সান্তোস। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের ক্লাব মাকারা।