আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বড় পরিবর্তন আনছে সরকার। লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি বাতিল করে ক্যাচমেন্ট এরিয়া (এলাকাভিত্তিক অগ্রাধিকার) এবং ভর্তি পরীক্ষার সমন্বয়ে নতুন ভর্তি ব্যবস্থা চালু করা হবে। তবে এ ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে কোনো একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, নতুন ভর্তি ব্যবস্থায় স্থানীয় বাস্তবতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান বিবেচনায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ফলে দেশের সব বিদ্যালয়ে একই ধরনের ভর্তি পরীক্ষা বা অভিন্ন পদ্ধতি অনুসরণ করা হবে না। সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে ক্যাচমেন্ট এরিয়ার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।তিনি আরও বলেন, অতীতে যেভাবে স্থানীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা ও অন্যান্য মানদণ্ড বিবেচনায় শিক্ষার্থী ভর্তি করা হতো, নতুন ব্যবস্থাও অনেকটা সেই কাঠামোর আলোকে পরিচালিত হবে। তবে এটি সম্পূর্ণ নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে চূড়ান্ত করা হবে।ভর্তি পরীক্ষার ধরন, নম্বর বণ্টন, মূল্যায়ন পদ্ধতি এবং অন্যান্য কাঠামোগত বিষয় সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী জানান, এসব বিষয়ে এখনও কাজ চলছে। শিগগিরই একটি পূর্ণাঙ্গ নীতিমালা ও রূপরেখা প্রকাশ করা হবে।উল্লেখ্য, কয়েক বছর ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে সেই পদ্ধতি বাতিল করে এলাকার ভিত্তিতে শিক্ষার্থীদের অগ্রাধিকার এবং মেধা মূল্যায়নের সমন্বয়ে নতুন ভর্তি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।