ঢাকার কণ্ঠ

ভোরের কম্পনে কেঁপে উঠল জাপান, আহত ৩৭

জাপানের পূর্বাঞ্চল ও রাজধানী টোকিওর আশপাশে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।রোববার (২৩ আগস্ট) ভোরে আঘাত হানা এ ভূমিকম্পে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। শক্তিশালী কম্পনে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে ব্যাহত হয় পরিবহন ব্যবস্থা। জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ২টার দিকে দক্ষিণ ইবারাকি প্রিফেকচারে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬৮ থেকে ৭০ কিলোমিটার গভীরে। টোকিওসহ কান্টো অঞ্চলের বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হয়েছে। জাপানের ভূমিকম্পের তীব্রতা মাপার সাত মাত্রার স্কেলে ইবারাকির কয়েকটি এলাকায় সর্বোচ্চ পাঁচের নিচে কম্পন রেকর্ড করা হয়। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। আহতদের বেশিরভাগই আতঙ্কে পড়ে গিয়ে কিংবা ঘরের আসবাবপত্রে আঘাত পেয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। ইয়োকোহামায় ৮০ বছরের বেশি বয়সী এক নারী পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন। সাইতামা, কানাগাওয়া, চিবা ও ইবারাকিসহ বিভিন্ন এলাকায় আহতের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের প্রভাবে টোকিও ও আশপাশের অঞ্চলে ট্রেন চলাচলও বিঘ্নিত হয়। কয়েকটি লোকাল ও দ্রুতগামী ট্রেন বিলম্বিত হয় এবং কিছু রুটে সাময়িকভাবে গতি কমিয়ে দেওয়া হয়। তবে বুলেট ট্রেন চলাচলে বড় ধরনের সমস্যা হয়নি। এদিকে ভূমিকম্পের পর দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। তোকাই-২, ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক স্থাপনায় কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি যাচাইয়ে জাপান সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কর্মকর্তাদের দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে জনগণকে প্রয়োজনীয় তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন। জাপানের আবহাওয়া সংস্থা আগামী কয়েক দিন বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিনে আরও শক্তিশালী কম্পন বা আফটারশকের সম্ভাবনা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

ভোরের কম্পনে কেঁপে উঠল জাপান, আহত ৩৭